বিভিন্ন ধরনের সালাদের রেসিপি
সালাদ খুবই রিফ্রেশিং একটি ডিশ! সালাদ অনেক পুষ্টিগুন সমৃদ্ধ একটি ডিশ ও বটে! তাই আপনাদের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটি সুস্বাদু সালাদের রেসিপি! আশা করি সবার ভালো লাগবে!
(রেসিপি বাই রাতুল হায়দার রাহাত)
🟩 প্রোটিন সালাদ
উপকরনঃ
একটি গাজর কুচি
৩/৪ টি পেঁয়াজ কুচি
১/২টি কাঁচামরিচ
একটি টমেটো কুচি
ক্যাপসিকাম একটির ৩ ভাগের ১ ভাগ
৩/৪ টি ধনে পাতার কুচি
বড় মিষ্টি আলু একটি কিউব করা
আদা কুটি ছোট এক টুকরো কুচি
রসুন কুচি ১ টুকরো
১কাপ সিদ্ধ ছোলা (খোসা ছাড়া)
লেবুর রস ১ চামচ
ভাজা জিরা গুড়া ১চামচ
চাট মসলা ১/২ চা চামচ
লবণ স্বাদ মত
টক দই ১ চামচ
প্রস্তুত প্রণালীঃ
মাঝারি সাইজের একটি বাটিতে সব উপকরণ গুলো নিয়ে খুব ভালভাবে মিশিয়ে তৈরি করে ফেলুন প্রোটিন সালাদ। প্রথমে বাটিতে সকল উপকরণ দিয়ে একটি চামচ দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিন। এছাড়া হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন।
এই প্রোটিন সালাদ সকালে অথবা রাতে ১ বাটি করে খেতে পারেন। এই সালাদ থেকে আপনি পাবেন আমিষ, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন ডি,ফ্যাট, প্রোটিনসহ নানা খনিজ উপাদান। যা শরীরের প্রতিদিনের পুষ্টি চাহিদা মেটাতে সক্ষম। যদি কারো শরীরে ফ্যাট এর চাহিদা বেশি প্রয়োজন থাকে তবে এই সালাদের সাথে ১ মুষ্টি চিনাবাদাম যোগ করে নিতে পারেন এতে ফ্যাটের পরিমাণ বেড়ে যাবে।
🟩 গ্রিক সালাদ
উপকরণঃ
শসা ১৫০ গ্রাম
বিচি ছাড়িয়ে কাটা টমেটো ১০০ গ্রাম
ক্যাপসিকাম ১৮০ গ্রাম
কালো অলিভ ৮৪ গ্রাম
পনির ২২৫ গ্রাম
অলিভ অয়েল ২ টেবিল চামচ
অরিগানো হাফ চা চামচ
গোলমরিচ গুঁড়ো স্বাদমতো
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালীঃ
একটি বাটিতে ধুয়ে রাখা সব সবজি নিন। একে একে পনির, অলিভ অয়েল, অরিগানো, গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে মাখিয়ে নিন।
🟩 প্রোটিন এগ সালাদ
উপকরনঃ
বাধাকপি ৮০ গ্রাম
গাজর ১০০ গ্রাম
সেদ্ধ করা আলু মাঝারি আকারের ২টি
সেদ্ধ করা ডিম ২টি
বেবি কর্ন ৪-৫টি
টকদই ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালীঃ
আলু, ডিম কিউব করে কেটে নিতে হবে। এরপর একটি পাত্রে কুচি করে রাখা বাধাকপি, টুকরো করে কেটে রাখা গাজর, বেবি কর্ন, আলু ও ডিম রাখতে হবে। তারপর টকদই, গোলমরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে।
🟩 বিটরুট সালাদ
উপকরণঃ
বিটরুট ২টি
ডালিম/ আনার ৪০ গ্রাম
কমলা ২টি
সুইট কর্ন ২০ গ্রাম
চেরি টমেটো ৪-৫টি
আ্যপেল সিডার ভিনেগার ২ চা চামচ
মধু ১ চা চামচ
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালীঃ
বিটরুট ৬-৭ মিনিট সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর কিউব করে কেটে নিতে হবে। একটি পাত্রে বিটরুট, ছিলে রাখা ডালিম, কিউব করে কাটা কমলা, ২ ভাগ করে কেটে রাখা টমেটো এবং সুইট কর্ন একত্রে রেখে তাতে লেবুর রস, আ্যপেল সিডার ভিনেগার ও লবণ দিয়ে মিশিয়ে নিন।
🟩 লো ক্যালোরি ফ্রুট সালাদ
উপকরনঃ
আপেল ২টি
তরমুজ ৩০ গ্রাম
আঙ্গুর ৩০ গ্রাম
আনারস ৩০ গ্রাম
পুদিনা পাতা ৫-৬টি
কনডেন্সড মিল্ক ২ চা চামচ
চাট মসলা ৩ আঙুলের ১ চিমটি
বিট লবণ ৩ আঙুলের ১ চিমটি
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালীঃ
আপেল, তরমুজ, আনারস সমান কিউব করে কেটে নিতে হবে। তারপর সাথে দিতে হবে আংগুর। তারপর একে একে কনডেন্সড মিল্ক, চাট মসলা, বিট লবণ, লবণ দিয়ে মিশিয়ে সবশেষে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।
🟩 গ্রিলড চিকেন লেটুস সালাদ
উপকরণঃ
গ্রিলড চিকেন ব্রেস্ট পিস ১টি
লেটুস পাতা ৪-৫টি
লাল ক্যাপসিকাম ৮০ গ্রাম
চিকন করে কাটা শসা ১টি
পেঁয়াজ কুচি ১/২টি
মেয়নিজ ১/২ টেবিল চামচ
চিলি ফ্লেক্স ১/২ চা চামচ
মধু ১ চা চামচ
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালীঃ
গ্রিলড চিকেন ব্রেস্ট পিস নিয়ে কিউব করে কেটে নিতে হবে। তারপর একে একে লেটুস পাতা, ক্যাপসিকাম, শসা, পেঁয়াজ কুচি দিতে হবে। মেয়নিজ, চিলি ফ্লেক্স, মধু এবং লবণ দিয়ে একত্রে মিশিয়ে দিলেই হয়ে গেল গ্রিলড চিকেন লেটুস সালাদ।
#salad #saladlovers #saladrecipe #proteinsalad #greeksalad #eggsalad #fruitsalad #chickensalad #vegetablesalad #recipe
Comments
Post a Comment